
X
চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, ঈদ বা পূজার সময় যেমন ঢাকা থেকে মানুষের স্রোত নেমে আসে, তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও ভোট দিতে মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এটিকে একটি বড় অর্জন হিসেবে দেখছেন তিনি।
বুধবার (১১ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী মালামাল কেন্দ্রে পৌঁছানো এবং সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ঝুঁকিপূর্ণ কেন্দ্র প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, কোনো কেন্দ্রকে আলাদাভাবে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। প্রতিটি কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁর ভাষ্য, কোনো কেন্দ্র থেকে কোনো ধরনের ঘটনা ঘটলে সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছাবে। দ্রুত উপস্থিতি নিশ্চিত করা গেলে ঝুঁকি অনেকাংশে কমে যায়।
তিনি বলেন, সরকারের সব বিভাগ—বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি—একই গতি ও একই স্পিরিট নিয়ে কাজ করছে। আমাদের লক্ষ্য জাতিকে একটি গ্রহণযোগ্য ও কাঙ্ক্ষিত নির্বাচন উপহার দেওয়া।
আনোয়ারা উপজেলায় একটি স্কুলের সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনায় জেলা প্রশাসক বলেন, ক্যামেরাটি ভাঙচুর করা হয়নি; সরিয়ে নেওয়া হয়েছিল। ইতোমধ্যে তা পুনঃস্থাপন করা হয়েছে। কেন এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
জাহিদুল ইসলাম মিঞা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তাঁরা বিশ্বাস করেন, এবারের নির্বাচন দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। রাজনৈতিক দলগুলো অংশ নেবে, কেউ জিতবে, কেউ হারবে। কিন্তু আমরা যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে আছি, আমরা জেতাতে চাই বাংলাদেশকে; জেতাতে চাই মানুষের প্রত্যাশাকে।
তিনি আরও বলেন, দীর্ঘদিন অনেক মানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পূর্ণতা পায়নি। এবারের নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে এবং দেশের ভাবমূর্তি রক্ষার নির্বাচন। সামরিক ও বেসামরিক সব কর্মকর্তা একই স্পিরিট ও গতিতে কাজ করছেন একটি গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন আয়োজনের লক্ষ্যে।
জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে রাঙ্গুনিয়া, রাউজানসহ বিভিন্ন উপজেলা পরিদর্শন করা হয়েছে। ব্যালট পেপার যথাযথভাবে পৌঁছেছে কি না, প্রিজাইডিং ও পোলিং কর্মকর্তাদের প্রস্তুতি এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে। ভোটাররা যাতে অযথা অপেক্ষা না করেন, সে বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ ছাড়া বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপিত কন্ট্রোল ও মনিটরিং সেল থেকে ইন্টারনেটের মাধ্যমে ভোটকেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হবে।
অতীতে নির্বাচনকে ঘিরে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, এবার নিরপেক্ষতার একটি দৃষ্টান্ত স্থাপন করা হবে। জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে প্রশাসন বদ্ধপরিকর।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের নিয়ে চট্টগ্রাম জেলা ভিজিল্যান্স ও অবজারভেশন টিম রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে। টিমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
পরিদর্শন করা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে রাঙ্গুনিয়ার ব্রহ্মোত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইউনুছিয়া তাজভীদুল কুরআন মাদরাসা, রাউজান মহিলা মাদ্রাসার নতুন ভবনের পুরুষ কেন্দ্র ও পুরাতন ভবনের মহিলা কেন্দ্র।
পরিদর্শনকালে নির্বাচনী মালামাল সংরক্ষণ, নিরাপত্তা প্রস্তুতি, ভোটকক্ষ ব্যবস্থাপনা ও আইন প্রতিপালনের বিষয়গুলো পর্যবেক্ষণ করা হয়। এ সময় জেলা প্রশাসক আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ এবং স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেন।
জেলা প্রশাসক বলেন, নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমরা প্রত্যয় ব্যক্ত করছি—এবারের নির্বাচন হবে বাংলাদেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য।