প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩০ এএম (ভিজিট : ৪৪)

X
উৎসবমুখর পরিবেশে বগুড়ায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে ভোটারদের লম্বা লাইন। নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বগুড়ায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে জেলার সাতটি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। বহুল আলোচিত এই নির্বাচনকে ঘিরে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা বগুড়া পরিণত হয়েছে কঠোর নিরাপত্তা বলয় ও উৎসবমুখর পরিবেশের এক ব্যতিক্রমী মিলনে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বগুড়ার সাতটি সংসদীয় আসনে এবার মোট ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৬৭২ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি, যা বগুড়ার নির্বাচনী ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিক হিসেবে দেখা হচ্ছে। পুরুষ ভোটার রয়েছেন ১৪ লাখ ৮০ হাজার ৮৪২ জন, নারী ভোটার ১৫ লাখ ৭৮৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪২ জন। আসনভিত্তিক হিসাবে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি এবং বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ভোটার সংখ্যা তুলনামূলকভাবে কম।
জেলার সাতটি আসনে মোট ৯৮৩টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে নারী ও প্রবীণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বগুড়া জুড়ে গড়ে তোলা হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। মাঠে মোতায়েন করা হয়েছে প্রায় ১ হাজার ৩০০ জন সেনাবাহিনীর সদস্য, ২৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ২ হাজার ২৯৪ জন পুলিশ সদস্য এবং ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়াও বিপুলসংখ্যক আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন পর একটি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা নিয়ে তারা ভোটকেন্দ্রে যাচ্ছেন।
জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ভ্রাম্যমাণ আদালত ও দ্রুত প্রতিক্রিয়া টিম।