প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ২:০২ পিএম (ভিজিট : ৬৪)

X
মেহেরপুর-২ (গাংনী) আসনের চারটি ভোট কেন্দ্রে পৃথক হামলা ও সংঘর্ষে জামাতের ১৬ এবং বিএনপির ১ কর্মী আহত হয়েছেন। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সাহারবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতাকর্মীরা জামাতের ভোটারদের কেন্দ্রে যাওয়া বাধা দেয়। এর ফলে বিএনপি ও জামাত নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জামাতের ১০ কর্মী আহত হন। আহতদের মধ্যে ৬ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই সময়ে গাংনী উপজেলার ছাতিয়ান ভোট কেন্দ্রে জামাতের ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেয় বিএনপি নেতাকর্মীরা। এ সময় জামাতের ৪ জন আহত হন। তাদের মধ্যে তিনজনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার খাসমহল গ্রামে সংঘর্ষ হয়, এতে একজন বিএনপি কর্মী আহত হন।
অপরদিকে চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের হামলায় জামাত সমর্থক ২ জন আহত হন। এই ঘটনায় একজন বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।
মেহেরপুর পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় জানান, সংঘর্ষ ও হামলার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ভোট গ্রহণ সুষ্ঠুভাবে চলমান রয়েছে। সংঘর্ষের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।