বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচটি ইউনিয়নের ২৬টি কেন্দ্রে সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রতিটি কেন্দ্রে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পাশাপাশি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান ইতু জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুম সরদার জানান, পুলিশের পাশাপাশি ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর টিম মোতায়েন রয়েছে। কোনো ধরনের কারচুপির সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলার পাঁচটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৪৯ হাজার ২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২৪ হাজার ৫২৬ জন এবং মহিলা ভোটার ২৪ হাজার ৪৯৯ জন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে।