প্রকাশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম (ভিজিট : ৪৫)

X
আনোয়ারা উপজেলায় দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে চারজন সমর্থক ও দুজন পোলিং এজেন্ট আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আহতরা ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থীর সমর্থক। আহত ব্যক্তিরা হলেন—শাহাদাত হুজুর (৪৫), মুনতাসির (২২), একরাম (২৫) ও আরিফ (৩১)। তাদের মধ্যে গুরুতর আহত দুজন হলেন পোলিং এজেন্ট মো. রুবেল ও আসিফুল ইসলাম। গুরুতর আহতদের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত মো. একরাম বলেন, ‘আমি কেন এখানে এসেছি, এই কথা বলে আমাকে পায়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে। এখন ঠিকমতো হাঁটতেও পারছি না। হামলাকারীরা সবাই বহিরাগত ছিল।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, ‘ভোটকেন্দ্র থেকে নির্ধারিত দূরত্বের মধ্যেই ঘটনাটি ঘটেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি, পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে অবস্থান করছেন।’
এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতা অ্যাডভোকেট লোকমান শাহ বলেন, আওয়ামী লীগের কর্মীদের প্রতিহত করতে গিয়ে জামায়াত ও সুন্নী জোটের প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি অনিচ্ছাকৃত।