প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:২৩ পিএম (ভিজিট : ৫২)

X
মালয়েশিয়ায় খুন হওয়া মোহাম্মদ আলম শেখ (৫০)-এর মরদেহ শুক্রবার দেশে আনা হয়। বাদ এশা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে পূর্ববুড়দিয়া জামে মসজিদ মাঠে জানাজা শেষে বাবার কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে।
নিহত আলম শেখ মৃত মফিজউদ্দিনের ছোট ছেলে। বিকেলে মরদেহ গ্রামে পৌঁছালে শত শত মানুষ বাড়িতে ভিড় করেন। ১৩ দিন পর তার মরদেহ দেশে ফেরে। এ সময় স্ত্রী সাথী বেগম, দুই কন্যা ও স্বজনদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।
পরিবারের অভিযোগ, গত ৩১ জানুয়ারি সকালে আলমের বাসায় বেড়াতে আসা দুই বন্ধু ফারুক ও পান্নু তাকে হত্যা করে মালামাল নিয়ে পালিয়ে যায়। সংসদ নির্বাচন সামনে রেখে ১০ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা ছিল বলে জানান স্বজনরা।
নিহতের বড় ভাই শাহ আলম জানান, মালয়েশিয়ায় ফারুক ও পান্নুকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত করছে। তবে দেশে অভিযোগ করতে গেলে লৌহজং থানায় তা গ্রহণ করা হয়নি বলে পরিবারের দাবি।
এ বিষয়ে লৌহজং থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মৃধা বলেন, ঘটনাটি যেহেতু দেশের বাইরে ঘটেছে, তাই এখানে মামলা নেওয়ার সুযোগ নেই। তবে বিষয়টি খোঁজখবর নেওয়া হচ্ছে।