প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৩:৪১ পিএম (ভিজিট : ২২৬)

X
রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপি ও নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ তুলে ফলাফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাক এর বরাবর স্মারকলিপি প্রদান শেষে ইউনিয়ন পরিষদ মোড়ে সমাবেশ করে পীরগাছা উপজেলা বিএনপি।
সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা অভিযোগ করে বলেন, রংপুর জেলায় ছয়টি আসনে ‘ইঞ্জিনিয়ারিং’ করে বিএনপি প্রার্থীদের পরাজিত করা হয়েছে। বিশেষ করে রংপুর-৪ আসনে তাদের প্রার্থীর জয় নিশ্চিত থাকলেও জেলা প্রশাসকের নেতৃত্বে ফলাফল পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি ২৪ ঘণ্টার মধ্যে ভোট পুনর্গণনার দাবি জানান এবং তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। একই সঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট ডিসিকে অপসারণ ও ভোট পুনর্গণনার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।
সংখ্যালঘু সম্প্রদায় ও স্থানীয়দের উদ্দেশ্যে রাঙা বলেন, পীরগাছার সর্বস্তরের মানুষ ও হিন্দু সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার দায়িত্ব বিএনপির। ব্যক্তিগত বিরোধ বা জমি দখলের ঘটনায় যেন কেউ রাজনীতির নাম ব্যবহার না করে, সে আহ্বান জানান তিনি।
সমাবেশ থেকে রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে পুনরায় সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ডালেজ, উপজেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও ছাত্রদলের আহ্বায়ক লোকমান হোসেন প্রমুখ।
এর আগে বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রধান সমাবেশে যোগ দেন।
এ বিষয়ে ইউএনও দেবাশীষ বসাক বলেন, ভোট পুনর্গণনার দাবিতে একটি স্মারকলিপি পেয়েছেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।