প্রকাশ: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০৬ পিএম আপডেট: ১৪.০২.২০২৬ ৪:২১ পিএম (ভিজিট : ১১০)

X
বিজয়ী এস. সরফুদ্দিন আহমেদ সান্টু (বিএনপি)
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে দীর্ঘ উনিশ বছর পর আবারও জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। স্বাধীনতার পর এ আসনে দলটির প্রার্থী ১৯৭৯, ১৯৯৬ (স্বল্প সময়ের জন্য) এবং ২০০১ সালে বিজয়ী হয়েছিলেন। এরপর দীর্ঘ সময় আসনটি বিএনপির নিয়ন্ত্রণের বাইরে ছিল।
সাম্প্রতিক নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে এস. সরফুদ্দিন আহমেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ৬২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-র প্রার্থী মাস্টার আব্দুল মান্নান পেয়েছেন ৭৪ হাজার ৮২ ভোট।
ফলাফল নিশ্চিত করে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা জানান, এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৫ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৬১ জন এবং নারী ভোটার ১ লাখ ৮৯ হাজার ৫৪৬ জন। সংখ্যালঘু ভোটার রয়েছেন ৮৯ হাজার ৪৬২ জন, যা মোট ভোটারের প্রায় ২৩ শতাংশ।
মোট ১৪০টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর আসনটি পুনরুদ্ধার হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরির আভাসও মিলছে।