প্রকাশ: রোববার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৬:৪৩ পিএম (ভিজিট : ৫৭)

X
ইরানে মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রকাশ্য আহ্বান জানিয়েছেন দেশটির সর্বশেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির পুত্র ও নির্বাসিত নেতা রেজা পাহলভি। খবর রয়টার্স।
শনিবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ইরানি বর্তমান ধর্মীয় শাসকগোষ্ঠীর পতন ত্বরান্বিত করতে পারে। যা জনগণের জীবন বাঁচাতে সহায়ক।
যুক্তরাষ্ট্রে বসবাসরত রেজা পাহলভি ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তেহরানের বর্তমান শাসকদের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে দীর্ঘ আলোচনা করে সময় নষ্ট করা উচিত নয়।
তিনি মনে করেন, ইরানের বর্তমান সরকার পতনের দ্বারপ্রান্তে রয়েছে। আর একটি সামরিক হামলা সে পতনকে আরো ত্বরান্বিত করবে। পাহলভি বলেন, এটি এখন কেবল সময়ের ব্যাপার। আমরা আশা করছি একটি সামরিক অভিযান এ প্রক্রিয়াকে গতিশীল করবে, যাতে মানুষ আবারো রাজপথে নেমে এসে এ শাসনের চূড়ান্ত অবসান ঘটাতে পারে।
গত বছরের শেষের দিকে ইরানে অর্থনৈতিক দুর্দশার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। তেহরানের গ্র্যান্ড বাজারে শুরু হওয়া এ বিক্ষোভ দ্রুত দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর এটিই ছিল ইরানের সবচেয়ে রক্তক্ষয়ী গণবিক্ষোভ। বিক্ষোভ দমনে ইরান সরকার ব্যাপক ধরপাকড় ও দমন-পীড়ন চালায়, যেখানে হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে। পাহলভি মনে করেন, এ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে মার্কিন হস্তক্ষেপ ইরানি জনগণের জন্য সহায়ক হবে।
ইরানের বর্তমান বিরোধী শিবিরটি বিভিন্ন আদর্শিক ও রাজনৈতিক উপদলে বিভক্ত। পাহলভির নেতৃত্বাধীন রাজতন্ত্রপন্থীদের ইরানে প্রকৃত জনসমর্থন কতটুকু, তা নিয়ে খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত মাসে সংশয় প্রকাশ করেছিলেন। তবে পাহলভির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি জনগণের পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন তা সামরিক হস্তক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করার উপযুক্ত সময়।
তবে বর্তমানে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি বৃদ্ধি করছে। একইসঙ্গে ওমানে ইরানি কূটনীতিকদের সঙ্গে বৈঠক করছে। আগামী সপ্তাহেও দুই দেশের মধ্যে আলোচনার কথা রয়েছে। কিন্তু রেজা পাহলভির মতে, এই আলোচনার কোনো ভবিষ্যৎ নেই। তিনি বলেন, মানুষ আশা করছে যে কোনো এক পর্যায়ে এই সিদ্ধান্ত নেয়া হবে যে আলোচনার আর কোনো ফায়দা নেই। তখন মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।