প্রকাশ: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম (ভিজিট : ৯০)

X
রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে রাস্তা পারাপারের সময় স্টাফ বাসের ধাক্কায় মোসা. নয়ন মনি (৪৫) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তারেক দিপু বলেন, খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নয়ন মনি একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কারখানার ছুটি শেষে ওই কারখানার স্টাফ বাসে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নেমে রাস্তা পারাপার হচ্ছিলেন। এসময় ওই বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ওখানেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বাসটি জব্দ ও বাসচালককে আটক করা হয়েছে।
নিহত নয়ন মনির স্বামী আব্দুল হামিদ বলেন, আমার স্ত্রী মাতুয়াইল এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন। কারখানার ছুটি শেষে স্টাফ বাসে এসে মুগদা নামেন। পরে রাস্তা পারাপারের সময় ওই বাস আমার স্ত্রীকে চাপা দিলে তার মৃত্যু হয়। নিহত নয়ন মনি ফরিদপুর জেলার পালং থানার বুয়ারপুর গ্রামের আব্দুল হকের মেয়ে। কর্মসূত্রে মুগদার আরব বেকারি গলিতে এক ভাড়া বাসায় বসবাস করতেন।