প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৯ এএম (ভিজিট : ৩১০)

X
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ভরপাশা এলাকায় অবস্থিত প্রফুল্ল বিদ্যাপীঠের ষোড়শ জন্মজয়ন্তী কেক কাটা ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা এবং আমন্ত্রিত অতিথিদের মাঝে স্মারক পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়টির রূপালী প্রফুল্ল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ বাবু প্রফুল্ল কুমার দাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও রূপালী প্রফুল্ল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, শিক্ষানুরাগী ও সমাজসেবক বাবু পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমানা আফরোজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বাকেরগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদার এবং বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খন্দকার সোহেল রানা।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইভা রানী দত্ত। এছাড়া শিক্ষার্থীদের অভিভাবক, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ, বার্ষিক পরীক্ষায় সাফল্য এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মানের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর কর্মক্ষেত্রে এমন একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্যিই গর্বের। তিনি অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে প্রফুল্ল বিদ্যাপীঠের কার্যক্রম অনুসরণ করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, উপজেলা প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।
সভাপতির বক্তব্যে বাবু পঙ্কজ কুমার দাস অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করায় প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।