কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জানভির আলম (২৩) নামের এক ছাত্রনেতা গুরুতর আহত হয়েছেন।
তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র কদমতলী থানার জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং নারায়ণগঞ্জ সোনারগাঁ ইউনিভার্সিটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী।
গত রাত সাড়ে ১১টার দিকে রায়েরবাগ বাসস্ট্যান্ডের পুতুলবাড়ি রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।
আহত জানভির আলম শনিরআখড়া বোয়ালবাড়ি মোড় এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে। রাত সাড়ে ১২টার দিকে তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত জানভীরের সহকর্মী সাদেক মির্জা জানান, জানভীর রায়েরবাগে তার আপার বাসায় গিয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার সময় রায়েরবাগ বাসস্ট্যান্ডে আসে। এ সময় অন্ধকারের মধ্যে ৩ থেকে ৪ জন পেছন থেকে জানভীরের ডান কাঁধের পেছনে ও পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিক নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা জানতে পারিনি।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, রাতে ঘাড় ও পিঠে জখম অবস্থায় ওই যুবককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।