প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৮:৩৪ পিএম (ভিজিট : ২০১)

X
ছিনতাইকারীদের ধাওয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী নুরুল্লাহ শাওনের (২৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহ নগরীর জয়নুল আবেদীন পার্কের বিপরীত দিকে ব্রহ্মপুত্র নদের চরে আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এ খবর ছড়িয়ে পড়লে আনন্দমোহন কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা টাউন হল চত্বরে সড়ক অবরোধ করে। এ সময় শহীদ মিনারে ফুল দিতে আসা সকল কর্মকর্তাদের গাড়ি আটকে দেয় তারা।
গত বুধবার বিকেলে বন্ধু রিফাতের সাথে ব্রহ্মপুত্র নদের চরে ঘুরতে গিয়ে ছিনতাইকারীদের কবলে পড়েন শাওন। ছিনতাইকারীরা তাদের মারধর করলে জীবন বাঁচাতে দুই বন্ধু দুই দিকে দৌড় দেন। রিফাত প্রাণে বাঁচলেও শাওন নিখোঁজ হন।
দুই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়েও তার সন্ধান পায়নি। অবশেষে শুক্রবার রাতে স্থানীয়রা নদের চরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
শাওনের মরদেহ উদ্ধারের ঘটনায় উত্তেজিত হয়ে রাত ১২টার দিকে আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২-৩ শত শিক্ষার্থী ময়মনসিংহ টাউন হল চত্বর অবরোধ করে। পরে রাত দেড়টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।
নিহত নুরুল্লাহ শাওন আনন্দ মোহন কলেজের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।