মেহেরপুর-২ (গাংনী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত এলাকা গড়ার ঘোষণা দিয়েছেন। রোববার সকালে গাংনী কাঁচাবাজারে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
জামায়াত জোটের প্রার্থী হিসেবে নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, আমরা যে শহরে বাস করি, সেটিকে সাংগঠনিকভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছি। এ কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, শারীরিক পরিচ্ছন্নতার পাশাপাশি সমাজ থেকে দুর্নীতি ও চাঁদাবাজি নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন গাংনী উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির রবিউল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা।