প্রকাশ: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ এএম (ভিজিট : ২৫৪)

X
সংগৃহীত ছবি
ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন।
সোমবার সন্ধ্যায় ঝাড়খণ্ডের ছাতরা জেলা-র সিমারিয়া গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
এনডিটিভি ঝাড়খণ্ড সরকারের এক শীর্ষ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ফ্লাইটটি রাচি থেকে দিল্লি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।
ছাতরার জেলা প্রশাসক কীর্তিশ্রী জি বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে বলেন, “এয়ার অ্যাম্বুলেন্সটিতে থাকা সাত আরোহীর সবাই এ দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমানটি রাচি থেকে দিল্লির পথে ছিল।”
Redbird Airways Private Limited-এর পরিচালনাধীন বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় সাড়ে ৭টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় এবং পরে সিমারিয়ার কাছে গভীর বনাঞ্চলঘেরা বারিয়াতু পঞ্চায়েত এলাকায় বিধ্বস্ত অবস্থায় পাওয়া যায়।
মহকুমা পুলিশ কর্মকর্তা শুভম খান্ডেলওয়াল জানিয়েছেন, সাতটি মৃতদেহই উদ্ধার করা হয়েছে।
রাচির দেবকমল হাসপাতালের প্রধান নির্বাহী অনন্ত সিং জানান, লাতেহার জেলার বাসিন্দা সঞ্জয় কুমার (৪১)-এর জন্য এয়ার অ্যাম্বুলেন্সটির ব্যবস্থা করা হয়েছিল। ৬৫ শতাংশ দগ্ধ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের সদস্যরা জানান, সড়কপথে যাত্রা তার জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় এয়ার অ্যাম্বুলেন্স বেছে নেওয়া হয়েছিল।
দুর্ঘটনাস্থলের স্থানীয়রা জানিয়েছেন, বিমান বিধ্বস্তের সময় এলাকায় প্রবল বাতাস, ভারি বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। রাচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, উড্ডয়নের প্রায় ২০ মিনিট পর এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। খারাপ আবহাওয়া সম্ভাব্য কারণ হতে পারে, তবে পূর্ণাঙ্গ তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।