প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ২:৫৯ পিএম (ভিজিট : ৫৫)

X
পর্তুগালের বাঙালি অধ্যুষিত এলাকায় গুলির ঘটনা ঘটেছে। এতে বাংলাদেশি নাগরিকসহ অন্তত চারজন আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৩৫ মিনিটের দিকে রাজধানী লিসবনের বাঙালি অধ্যুষিত এলাকা মার্টিম মনিজ-এ এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাত ১২টা ৩৫ মিনিটের দিকে মার্টিম মনিজ এলাকার একটি ব্যস্ত সড়কে কয়েকজন ব্যক্তির মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং হঠাৎ গুলির শব্দ শোনা যায়।
এতে ঘটনাস্থলে থাকা চারজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে ২ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একাধিক সূত্র।
গুলিবিদ্ধদের দ্রুত লিসবনের নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিদের অবস্থা স্থিতিশীল। বাংলাদেশি আহত ব্যক্তির চিকিৎসা চলছে।
খবর পেয়ে পর্তুগিজ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে। কিছু সময়ের জন্য ওই এলাকার যান চলাচল ও দোকানপাট বন্ধ রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছে।
পর্তুগিজ পুলিশের এক মুখপাত্র জানান, প্রাথমিকভাবে এটি পূর্ব শত্রুতা কিংবা অপরাধমূলক বিরোধ থেকে সংঘটিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।
এই ঘটনার পর মার্টিম মনিজ এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক বাংলাদেশি ব্যবসায়ী জানান, এই এলাকা সাধারণত নিরাপদ ছিল। এমন ঘটনায় আমরা সবাই ভীত। প্রশাসনের কাছে নিরাপত্তা জোরদারের দাবি জানাচ্ছি। এলাকায় নিয়মিত পুলিশ টহল বাড়ানো এবং অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
পুলিশ জানিয়েছে, তদন্ত অগ্রগতি অনুযায়ী বিস্তারিত তথ্য পরে জানানো হবে।