
X
গাজীপুর সিটি করপোরেশনের নতুন প্রশাসক শওকত হোসেন সরকার বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের নামে একটি অ্যাপস খোলা হবে। এই অ্যাপসে নাগরিকরা তাদের সমস্যা ও অভিযোগের তথ্য দিলে দ্রুত সময়ে তা সমাধান করে দেয়া হবে।
প্রতি মাসে একবার সাংবাদিকদের ডেকে সিটি কর্পোরেশনের বিভিন্ন কাজের অগ্রগতি প্রকাশ করা হবে এবং সিটির কর্মকর্তা- কর্মচারী প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
বুধবার সকালে গাজীপুর নগরভবন মিলনায়তনে গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
দায়িত্বভার গ্রহণের প্রথম কার্যদিবসেই নগরীর উন্নয়নে ১৮০ দিনের (৬ মাস) পরিকল্পনা ঘোষণা করেছেন শওকত হোসেন সরকার।
নতুন প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন জানান, নগরবাসীর যানজটের দুর্ভোগ কমাতে আগামী ছয় মাসের মধ্যে জয়দেবপুর রেলক্রসিংয়ের ওপর একটি ফ্লাইওভারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। এছাড়া ঢাকার সাভার ও আশুলিয়ার সঙ্গে যোগাযোগ সহজতর করতে কাশিমপুর এলাকায় দুটি সেতুর নির্মাণ কাজ শুরু করার প্রতিশ্রুতি দেন তিনি। ঢাকার সাথে সংযোগকারী বিকল্প সড়কগুলোরও উন্নয়ন করা হবে বলে তিনি জানান।
নগরীর পরিবেশ রক্ষায় প্রশাসক প্রধানত দুটি বড় পদক্ষেপের কথা উল্লেখ করেন। এর মধ্যে একটি খাল খনন। মহানগরীর অভ্যন্তর দিয়ে প্রবাহিত ১৯টি খাল জরুরি ভিত্তিতে পুনঃ খনন করা হবে। এর ফলে জলাবদ্ধতা কমবে এবং মশার উপদ্রব থেকে নগরবাসী রক্ষা পাবে।
অপরটি হলো গাজীপুরকে গ্রিন ও ক্লিন সিটি গড়ে তোলা। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গাজীপুরকে একটি সবুজ ও পরিচ্ছন্ন নগরীতে রূপান্তর করতে ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা, নগরীর ব্যর্জ্য ব্যবস্থাপনা, ডিশ লাইন ও ওয়াই-ফাই'র এলোমেলো তারের অপসারন, পর্যাপ্ত সড়ক বাতির ব্যবস্থা করার ঘোষণা করেন।
সামাজিক শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান শওকত হোসেন সরকার। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে তিনি মহানগরীর ৫৭টি ওয়ার্ড একটি করে খেলার মাঠ এবং শহরে একটি শিশু পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেন। সুস্থ ধারার শিল্প ও সাংস্কৃতিক কার্যক্রমকেও বেগবান করার আশ্বাস দেন তিনি।
সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার অঙ্গীকার করে তিনি বলেন, নাগরিক সেবা সহজলভ্য করতে কর্মকর্তা—কর্মচারীদের নিয়ে সমন্বয় করে কাজ করা হবে। এসময় তিনি বলেন, জনকল্যাণমুখী প্রশাসন গড়তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
এসময় তার সাথে আরো উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: সোহেল হাসান, সচিব আমিন আল পারভেজসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ
গত সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর সিটির প্রশাসক হিসেবে শওকত হোসেন সরকার প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় । এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।
গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র নির্বাচিত হন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান। এরপর সাবেক মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তার মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরাফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।