প্রকাশ: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ৯:৩৯ পিএম (ভিজিট : ১৪২)

X
মাদারীপুরে বিশুদ্ধ খাদ্য আদালতের অভিযানে দুইটি প্রতিষ্ঠানে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং আরো দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের নির্দেশ প্রদান করা হয়েছে।
আজ (২৫ ফেব্রুয়ারি) বুধবার বিকেলে মাদারীপুরের ১ম আদালত ও বিশুদ্ধ খাদ্য আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মোঃ এলিয়াম হোসেন-এর নেতৃত্বে নিরাপদ খাদ্য আইনে সংক্ষিপ্ত বিচারিক কার্যক্রম (সামারি ট্রায়াল) পরিচালনা করা হয়। এ সময় মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর এলাকায় অবস্থিত শাহাবুদ্দিন ফল ভান্ডার, মুজাহিদ ফল ভান্ডার, মাতৃ মিষ্টান্ন ভাণ্ডার এবং নিউ মাতৃ ভান্ডার সুইটস-এ অভিযান পরিচালিত হয়।
আদালত পরিচালনাকালে দেখা যায়, সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত নিম্নমানের খাদ্য সামগ্রী বিক্রি ও বিপণন করা হচ্ছে। এছাড়া কারখানার পরিবেশও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এসব অসঙ্গতির প্রেক্ষিতে দুইটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং অপর দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন মাদারীপুর নিরাপদ খাদ্য অফিসার রফিকুল ইসলাম। এছাড়া আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করেন দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক (সদর) ফেরদৌসী আক্তার; সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের স্টাফবৃন্দ; জেলা পুলিশ লাইনস ও সদর থানা পুলিশ এবং জেলা আনসারের একটি চৌকস দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।