প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫৫ পিএম আপডেট: ২৬.০২.২০২৬ ১২:৫৯ পিএম (ভিজিট : ১৬১)

X
রাজধানীর রায়ের বাজার এলাকায় বাসার সামনে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামি সিয়ামকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘প্রেমঘটিত বিরোধের জেরে’ এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বুধবার রাত ৯টার দিকে হাজারীবাগ থানার রায়ের বাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি (১৪) নামে অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থীকে কুপিয়ে আহত করা হয়। স্বজনরা তাকে রাত সোয়া ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কিশোরীর বাবা বেল্লাল হোসেন জানিয়েছেন, রাতের সময় বিন্তি তার ছোট ভাই নাবিলের সঙ্গে বাইরে যায়। কিছুক্ষণ পর বাসার নিচে হৈ চৈ শুনে নেমে দেখেন, কে বা কারা তার মেয়েকে কুপিয়ে ফেলে গেছে। মেয়েটির কাঁধ ও পিঠে একাধিক জখমের চিহ্ন রয়েছে।
নিহত বিন্তি রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মা নাদিয়া ঘটনার পরপরই অভিযোগ করেছিলেন, সিয়াম নামের এক তরুণ তাকে কুপিয়ে পালিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, মামলায় একমাত্র আসামি হিসেবে সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে।