
X
দীর্ঘ প্রায় তিন দশক পর শিবগঞ্জবাসী আবারও মন্ত্রিসভার একজন প্রতিনিধিকে পেল। হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের আমলে শিবগঞ্জের মোজাফফর হোসেন বন প্রতিমন্ত্রী ছিলেন। এরপর দীর্ঘ সময় কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রী না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে এক ধরনের আক্ষেপ ছিল। সেই প্রেক্ষাপটে মীর শাহে আলম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ার পর বিএনপি সরকার তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী করায় শিবগঞ্জজুড়ে তৈরি হয়েছে নতুন আশার সঞ্চার ও ব্যাপক উচ্ছ্বাস।
আগামীকাল শুক্রবার দুই দিনের বগুড়া সফরে এসে প্রতিমন্ত্রী মীর শাহে আলম উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন, পরিদর্শন, সমাবেশে বক্তব্য এবং প্রশাসনিক বৈঠকে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করবেন।
সফরের প্রথম দিন তিনি শিবগঞ্জ উপজেলা সদরে একটি আধুনিক ডাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান (র.)-এর মাজার জিয়ারত করবেন। বিকেলে কৃষক সংবর্ধনা ও কৃষক মাঠ দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে কৃষি উন্নয়ন, গ্রামীণ অবকাঠামো শক্তিশালীকরণ এবং স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করবেন। একই দিন শিবগঞ্জ হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি স্থানীয় পর্যায়ে সেবা নিশ্চিত ও জনগণের অংশগ্রহণ বৃদ্ধির ওপর জোর দিবেন।
সফরের দ্বিতীয় দিনে বগুড়া সার্কিট হাউসে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক মিলিত হবেন প্রতিমন্ত্রী। বৈঠকে জেলার চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। পরে শিবগঞ্জের মোকামতলায় কেন্দ্রীয় মসজিদের উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং নবনির্মিত মীর শাহে আলম-আব্দুস সাত্তার ডিগ্রি কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও উপজেলা পরিষদে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (শিক্ষানবিশ) (নেজারত ডেপুটি কালেক্টর) (নেজারত শাখা, ট্রেজারি শাখা, ফরমস ও স্টেশনারি শাখা) রশিদুল ইসলাম প্রতিমন্ত্রীর সফরসূচীর তথ্য নিশ্চিত করেন।
প্রতিমন্ত্রীর এ সফরকে ঘিরে শিবগঞ্জ আসনের দলমত নির্বিশেষে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গেছে। তাঁকে বরণ করতে সাধারণ মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
স্থানীয়দের প্রত্যাশা, শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানে সরকারি ও বেসরকারি সুযোগ বৃদ্ধি, কারিগরি শিক্ষার প্রসার এবং শিল্প উদ্যোগে সহায়তার মাধ্যমে দীর্ঘদিনের বেকার সমস্যার সমাধানে তিনি কার্যকর ভূমিকা রাখবেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এ সফর শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ নয়; বরং এটি শিবগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা, উন্নয়ন আকাঙ্ক্ষা এবং বগুড়ার সামগ্রিক অগ্রযাত্রায় নতুন সম্ভাবনার বার্তা।