
X
সংগৃহীত ছবি
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চল ও বেকাআ উপত্যকার অর্ধশতাধিক গ্রাম ও জনপদ খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। সম্ভাব্য হামলার আগে চিহ্নিত গ্রাম ও শহরগুলোর বাসিন্দাদের দ্রুত সরে যেতে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, নির্ধারিত এলাকাগুলোর এক হাজার মিটারের ভেতরে অবস্থান করলে প্রাণহানির ঝুঁকি রয়েছে।
এছাড়া, যারা হিজবুল্লাহ এর আশ্রয়ে থাকবে বা তাদের রসদ জোগাবে, তাদেরও লক্ষ্যবস্তু করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
তালিকাভুক্ত গ্রামগুলোর মধ্যে রয়েছে সারিফা, মারুব, সেলা (টায়ার), দেবাল, বাফলিয়েহ, বারিশ, আরজাউন, কালাইলেহ, আল-শাহাবিয়া, দারদঘায়া, আরব সেলিম, ইয়াহমার (পশ্চিম বেকাআ), মাজদাল জোউন, জিবকিন, কানা, দেইর আমেস, আইতা আল-জাবাল, হানাইন (বিনতে জবাইল), হারিস, হাদ্দাথা, হাউলা, বারাছিত, বিনতে জবাইল, আইতারউন, আয়নাতা, বুর্জ আল-শামালি, সিদ্দিকিন, ওয়াদি জিলো, মাইস আল-জাবালসহ আরও কয়েকটি জনপদ।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প মন্তব্য করেছেন, চলমান সংঘাত আরও চার সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। তিনি দাবি করেন, অভিযানে সৌদি আরবও যুক্ত হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি সৌদি আরব।
বিশ্লেষকদের মতে, প্রযুক্তি, গোয়েন্দা সক্ষমতা ও সামরিক শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য দ্রুত ও নির্ভুল হামলা চালাতে সক্ষম করে। তবে ইরানের জটিল সামাজিক-রাজনৈতিক কাঠামো ও আঞ্চলিক প্রভাববলয়ের কারণে কেবল শীর্ষ নেতৃত্ব সরিয়ে দিয়ে পরিস্থিতির স্থায়ী পরিবর্তন আনা সহজ নয়।
উল্লেখ্য, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য সরকার।