প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, এর সঙ্গে নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর নেতৃত্বে নেতৃবৃন্দ নকলা পৌর শহরের কুর্শাবাদাগৈড় এলাকায় খাদ্যগুদাম সংলগ্ন এমপির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সোমবার রাতে তাঁর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি।
মতবিনিময় সভায় এমপি ফাহিম চৌধুরী তাঁর নির্বাচনী এলাকার সার্বিক উন্নয়নে সংবাদকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংবাদপত্রের স্বাধীনতা ও অবাধ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি বৈষম্যমুক্ত দেশ গড়তে চায়, যেখানে সকল মানুষের ন্যায্য অধিকার সমুন্নত থাকবে।
তিনি এলাকার উন্নয়ন, সম্ভাবনা, অসঙ্গতি ও সমস্যাগুলো লেখনীর মাধ্যমে তুলে ধরার পাশাপাশি গণমানুষের ভাবনার সঠিক চিত্র গণমাধ্যমে প্রকাশের অনুরোধ জানান। সাংবাদিকদের গঠনমূলক ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দায়িত্বশীল লেখনীর মাধ্যমে এলাকা, দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।
‘নিরপেক্ষ আদর্শিক সাংবাদিকতার জগৎকে কেউ কেউ বিভিন্ন ট্যাগ ব্যবহারের মাধ্যমে কলুষিত করছেন’—সাংবাদিকদের এমন আত্মসমালোচনার জবাবে এমপি বলেন, সাংবাদিকতা একটি স্বাধীন পেশা। এখানে কারও রাজনৈতিক সমর্থন বিবেচ্য হওয়া গ্রহণযোগ্য নয়। সুস্থ-স্বাভাবিক প্রতিটি মানুষের কোনো না কোনো রাজনৈতিক দলের প্রতি ব্যক্তিগত দুর্বলতা থাকতে পারে। তবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সাংবাদিকরা সবার জন্য সমান। তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়ন করা সহজ হয়। সঠিক তথ্যনির্ভর প্রতিবেদনের মাধ্যমে দুর্নীতিসহ সব ধরনের অপরাধ নির্মূল করা সহজতর হয়।
দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের কাছে সত্য ও বস্তুনিষ্ঠ লেখনীর প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা, জনদাবি এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
আলোচনায় বক্তব্য রাখেন— প্রেসক্লাব সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ এবং দ্য ডেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি মো. মোশারফ হোসাইন, সিনিয়র সহ-সভাপতি ও এশিয়ান টিভি এবং দৈনিক খোলা কাগজের প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, সাধারণ সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ এবং দৈনিক কালবেলার প্রতিনিধি মোশাররফ হোসেন সরকার বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের বাংলা এবং শীর্ষ খবরের প্রতিনিধি দেলোয়ার হোসেন দেলু, দৈনিক যায়যায়দিন ও দৈনিক বাংলাদেশ বুলেটিনের প্রতিনিধি শফিউল আলম লাভলু, বাংলাদেশ বুলেটিনের অনলাইন ডেস্ক ইনচার্জ রাকিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত প্রতিদিন এবং দ্য ডেইলি মর্নিং গ্লোরির প্রতিনিধি মো. নূর হোসেন, দফতর সম্পাদক ও দৈনিক রূপালী বাংলাদেশ এবং দ্য ডেইলি মুসলিম টাইমসের প্রতিনিধি মো. সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক ও মোহনা টিভি এবং দৈনিক আমার সংবাদের প্রতিনিধি আব্দুল্লাহ আল-আমিন, প্রচার সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ এবং দ্য কান্ট্রি টুডের প্রতিনিধি নাহিদুল ইসলাম রিজন, দৈনিক ইনকিলাব ও দ্য ডেইলি ট্রাইব্যুনালের প্রতিনিধি হেলাল উদ্দিন বাবু ও দৈনিক বাংলার প্রতিনিধি সাংবাদিক মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক অধিকরণের প্রতিনিধি ফজলে রাব্বী রাজন, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক আকাশ জমিনের প্রতিনিধি আসাদুজ্জামান সৌরভ, সদস্য ও দৈনিক সংগ্রামের প্রতিনিধি রেজাউল হাসান সাফিত, দৈনিক স্বাধীন বার্তার প্রতিনিধি মোশাররফ হোসেন শ্যামল ও সুজন মিয়া, সহযোগী সদস্য ও দৈনিক এশিয়া বার্তা এবং দ্য বিজনেস পোস্টের প্রতিনিধি হাসান মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।