কবি বীরেন মুখার্জীর জন্মদিন আজ

বুলেটিন ডেস্ক

সাহিত্য

বীরেন মুখার্জী ১৯৬৯ সালের ৪ মার্চ তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার শালিখা থানার দরিশলই গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র

2026-03-04T16:18:02+00:00
2026-03-04T16:18:02+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কবি বীরেন মুখার্জীর জন্মদিন আজ
বুলেটিন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম   (ভিজিট : ১২২)
আবির্ভাব দিবসে কবির প্রতি ভালোবাসা
X

আবির্ভাব দিবসে কবির প্রতি ভালোবাসা

বীরেন মুখার্জী ১৯৬৯ সালের ৪ মার্চ তৎকালীন যশোর জেলার মাগুরা মহকুমার শালিখা থানার দরিশলই গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকে সাংবাদিকতা এবং সাহিত্যচর্চা শুরু করেন। 

‘দৈনিক ভোর’, ‘দৈনিক রানার’, ‘আজকের কাগজ’, ‘ভোরের কাগজ’, ‘বাংলাবাজার পত্রিকা’, ‘আমার দেশ’ পত্রিকায় মাগুরা (শালিখা) থেকে ১৫ বছর সাংবাদিকতা শেষে ২০১১ সালে ঢাকার ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার সম্পাদকীয় বিভাগে সহ-সম্পাদক পদে যোগ দেন। এবং একই পত্রিকায় জ্যেষ্ঠ সহ-সম্পাদক (বার্তা বিভাগ) হন ২০২২ সালে  বর্তমানে তিনি বাংলাদেশ বুলেটিন পত্রিকার সহকারী বার্তা সম্পাদক হিসেবে কর্মরত।

তিনি শালিখায় ‘বন্ধন শিল্পী সংসদ’, ‘ফটকি থিয়েটার’, ‘বন্ধন সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা। ১৯৯৮ সালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে ‘বঙ্গবন্ধু আমার অহঙ্কার’ এবং একই বছর বাংলাদেশ টেলিভিশনের ‘নিবেদন’ অনুষ্ঠানে সাংস্কৃতিক দল নিয়ে অংশ নিয়ে মাগুরার স্থানীয় সংস্কৃতি দেশবাসীর সামনে তুলে ধরেন। এছাড়া ১৯৯৯ সালে ‘বন্ধন শিল্পী সংসদ’ এর পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু শিবির আয়োজনের মাধ্যমে সমাজসেবার এক অনন্য নজির স্থাপন করেন। নিজের লেখা অনেক মঞ্চ নাটকে নির্দেশনাও দিয়েছেন তিনি। 

বীরেন মুখার্জী মূলত কবি। নব্বইয়ের দশকে যারা কবিতাচর্চায় আত্মনিয়োগ করেছেন তাদের মধ্যে তিনি স্বতন্ত্রধারা নির্মাণ করেছেন। আমিনুল ইসলাম শেলী সম্পাদিত মাগুরার স্থানীয় পত্রিকা ‘সাপ্তাহিক গণসংবাদ’-এ ১৯৮৪ সালে কবির প্রথম কবিতা প্রকাশিত হয়। 

কবিতা রচনার পাশাপাশি তিনি ছোটগল্প, প্রবন্ধ, চিত্রনাট্য এবং রাজনৈতিক কলাম লিখে চলেছেন একাধারে। তার আগ্রহের অন্যতম বিষয় ‘মুক্তিযুদ্ধ’ এবং ‘লোকঐতিহ্য’। এ বিষয়ে তার অনেক প্রবন্ধ জাতীয় দৈনিক এবং বিভিন্ন ছোটকাগজে প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। 

২০১৯ সালে তিনি নিজের লেখা গল্প নিয়ে নির্মাণ করেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঘোর- দ্য ইনটেন্স অব লাইফ’, যা কলকাতার নন্দনে অনুষ্ঠিত ‘দ্বিতীয় সাউথ এশিয়ান স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, ২০১৯’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসবে (২০২১) প্রদর্শিত হয়। 

পিতা-মাতার দুই সন্তানের মধ্যে তিনি জ্যেষ্ঠ। স্ত্রী রত্না রানী বিশ্বাস (বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘ব্র্যাক’ এর আঞ্চলিক ব্যবস্থাপক) এবং পুত্র তীর্থ মুখার্জীকে নিয়ে তার সংসার।  

কবিতাগ্রন্থ: উদ্ভ্রান্ত সময় (১৯৯৮, কলকাতা), প্রণয়ের চিহ্নপর্ব (২০০৯), প্লানচেট ভোর কিংবা মাতাল বাতাস (২০১১), নৈঃশব্দ্যের ঘ্রাণ (২০১২), পালকের ঐশ্বর্য (২০১৩), মৌনতা (দীর্ঘ কবিতা ২০১৩), জলের কারুকাজ (২০১৪), হেমন্তের অর্কেস্ট্রা (২০১৬), গুচ্ছঘাসের অন্ধকার (২০১৭), জতুগৃহের ভস্ম (২০১৮), মায়া ও অশ্রুনিনাদ (২০২০), রাত্রিনামা (২০২০) ও ক্রন্দনফুল (২০২২, আগরতলা)। 

প্রবন্ধগ্রন্থ: কবির অন্তর্লোক ও অন্যান্য প্রবন্ধ (প্রবন্ধ ২০১২), সাহিত্যের প্রতিপাঠ (প্রবন্ধ ২০১৪) ও কবিতার শক্তি (২০১৭)।

ইতিহাস-ঐতিহ্যগ্রন্থ: মুক্তিযুদ্ধের কিশোর ইতিহাস মাগুরা জেলা (২০১৬)।

সম্পাদিত গ্রন্থ: বাংলা কবিতায় ঐতিহ্য (সম্পাদনা ২০১৪), সৈয়দ শামসুল হক : জলেশ্বরীর শুদ্ধ মনীষী (২০১৭)।

গবেষণা গ্রন্থ: বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান ও স্থাপনা (২০২২, বাংলা একাডেমি)

গল্পগ্রন্থ: পাগলী ও বুড়ো বটগাছ (২০১৬)

চলচ্চিত্র: ‘ঘোর- দ্য ইনটেন্স অব লাইফ’ (২০১৯)

১৯৯৪ সাল থেকে সম্পাদনা করেন শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘দৃষ্টি’। এ পর্যন্ত ১৯ টি সংখ্যা প্রকাশিত হয়েছে। 

পাঠকের জন্য কবির সাম্প্রতিক একটি কবিতা-

বসন্তশ্রমিক
মহাকিরণের এই পৃথিবী বেঁচে আছে স্বমেহন ও মৈথুনে 
লাম্পট্য ত্যাগী মাছিরাও সান্ধ্য জলে নেমেছে দিগন্তে
এমন অবভাস ও পরিহাস, মৈথুন ছাড়াই দাঁড়িয়ে থাকে জোনাকি 
গাছপালার ফোকর গলে ঘুম মিশ্রিত বাতাসের কোলে; 
আমরা কি এমনই চেয়েছি?

অভিসার এলায়িত চুলে, অন্ধকারে, পৃথিবীর আঁতুড়ঘরে-
না-পাওয়া গৃহস্থবৌয়ের দাওয়ায়, ছেঁড়া ডায়েরিতে 
কফিন খোলা সময়ের ডাকবাক্সে উড়ে যাচ্ছে গুঞ্জন 
মরু পান্ডুলিপি- অসমাপ্ত ছাপাখানা- আর কি চাও?

প্রশ্নশীল আমিও, তোমার বিষণ্ন হাহাকার, উদাসীনতা 
কিংবা উপভাষা মিলিয়ে যাওয়া রক্তাক্ত বিকেলে;
এই তো মানবিক ছেঁড়া ফ্রক; সেলাইয়ের কলরোল-
আমাকে নির্লিপ্ত ভেবে উড়ে গেছে দ্বান্দ্বিক শালিক 
বহুকাল ঘুমাইনি আমি; আমাদের বসন্তশ্রমিক 
অক্ষরগুলো পৌঁছে যায় মহাবিশ্বে- মৈথুন করেটিতে-

০১.০৩.২০২৬





Loading...
Loading...


সাহিত্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy