প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:০৪ এএম (ভিজিট : ২২৫)

X
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজারের কুতুবদিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে কুতুবদিয়ায় উপকূলীয় নারীর ক্ষমতায়নে কোস্ট ফাউন্ডেশন এর SMART প্রকল্পের উদ্যোগে উপজেলায় বড়ঘোপ পরিবেশ ক্লাবের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড়ঘোপ পরিবেশ ক্লাবের চত্বরে এসে শেষ হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, “সমাজ ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা টেকসই উন্নয়নের জন্য অপরিহার্য। বিশেষ করে উপকূলীয় এলাকার জীবিকা উন্নয়ন, পারিবারিক পুষ্টি এবং সামাজিক অগ্রগতিতে নারীদের ভূমিকা অনস্বীকার্য।”
দিবসটি উদযাপন উপলক্ষে SMART প্রকল্পের বড়ঘোপ পরিবেশ ক্লাবের পক্ষ থেকে ৫০ জন নারী উদ্যোক্তা ও শ্রমিকের মাঝে শুঁটকি কাজে নিয়োজিত শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকি কমাতে হ্যান্ড গ্লোভস, মাস্ক ও অ্যাপ্রন এবং পারিবারিক আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে উন্নত মানের মৌসুমি শাকসবজির বীজ সামগ্রী বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা জানান, কোস্ট ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় পরিচালিত SMART প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। মূলত শুঁটকি প্রক্রিয়াজাতকরণ ক্ষুদ্র উদ্যোগে পরিবেশবান্ধব ও আধুনিক প্রযুক্তি (RECP) ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের লক্ষ্যেই এই বিশেষ আয়োজন বলে জানান তারা।