প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ১০:৩১ এএম (ভিজিট : ১৫৫)

X
“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে একটি মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় নারী উদ্যোক্তারা তাদের তৈরি বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পান।
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আয়োজিত মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ।
উদ্বোধনের পর প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের কর্মকাণ্ড আরও এগিয়ে নিতে উৎসাহ দেন।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, গোপালগঞ্জের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক নারী দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে নারীর অধিকার, মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তারা বলেন, নারীর শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধি, নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে নারীর সক্রিয় ভূমিকা প্রতিষ্ঠা এবং নারী উদ্যোক্তাদের উন্নয়নের মাধ্যমে সমাজে নারীর অবস্থান আরও শক্তিশালী করা সম্ভব।
বক্তারা আরও বলেন, লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গড়ে তুলতে নারী ও পুরুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
সভায় নারীর শিক্ষা, কর্মসংস্থান ও নেতৃত্বে অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জনের প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নারী উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।