প্রকাশ: সোমবার, ৯ মার্চ, ২০২৬, ৯:৪৭ পিএম (ভিজিট : ৭৪)

X
৫ রুটে ধর্মঘটের ডাক
ভোলা চরফ্যাশনে সিএনজি চালকরা বাস শ্রমিকদের উপর হামলা ও বাসে ভাঙচুরের প্রতিবাদে ভোলার ৫টি অভ্যন্তরীণ রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চলাচলকারী যাত্রীরা। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে ভোলার চরফ্যাশন উপজেলা এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ বাস শ্রমিকদের।
সরেজমিনে ভোলা বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, দুপুর ১টার দিকে বাস শ্রমিকরা বাস চলাচল বন্ধ রেখে বাসস্ট্যান্ডের সামনের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে গাছেরগুঁড়ি ফেলে প্রায় ২০ মিনিট সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে সড়কের গাছেরগুঁড়ি সরিয়ে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করেন। এছাড়া সড়কে কোনো সিএনজি পেলে গতিরোধ করে বাসস্টান্ডের অভ্যন্তরে ঢুকিয়ে রাখছেন বাস শ্রমিকরা।
ভোলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো.মিজানুর রহমান বলেন, চরফ্যাশন উপজেলা শহরের উপর সিএনজি স্ট্যান্ড বানিয়ে তারা যাত্রী উঠানামা করে। আজ দুপুরে চরফ্যাশন উপজেলায় আমাদের বাস শ্রমিকদের উপর সিএনজি শ্রমিকরা হটাৎ অতর্কিত হামলা চালিয়েছে এবং একটি বাস ও বাসের কাউন্টারে ভাঙচুর চালিয়েছে তারা। এ হামলার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে আমরা ভোলার ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছি।
তবে এসব অভিযোগের বিষয়ে সিএনজি চালক ও মালিক সমিতির পক্ষ থেকে কারও বক্তব্য পাওয়া যায়নি।
ভোলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর আব্দুল গনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক করেছি,তবে বাস চলাচল বন্ধ রয়েছে। বাস চলাচল স্বাভাবিক করতে সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে।