প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:২৩ পিএম আপডেট: ১৮.০৩.২০২৬ ৯:২৫ পিএম (ভিজিট : ৩৮০)

X
ইস্টার্ন পান্থছায়া সোসাইটি
রাজধানীর ইস্টার্ন পান্থছায়া সোসাইটির ওয়েটিং রুম রেনোভেশন প্রকল্পকে ঘিরে গুরুতর অনিয়ম, আর্থিক অসঙ্গতি এবং অসদাচরণের অভিযোগ উঠেছে। এসব অভিযোগের প্রেক্ষিতে সংগঠনের সহ-সভাপতি মোঃ আসিফুর রহমান ভূইয়া-কে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সোসাইটি কর্তৃপক্ষ।
সোসাইটি সূত্রে জানা গেছে, উক্ত প্রকল্পে ‘তানিসাত ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানকে নিয়মবহির্ভূতভাবে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। প্রকল্পের জন্য নির্ধারিত কোটেশন ছিল ৪ লাখ ৯০ হাজার ৮৬০ টাকা। তবে বাস্তবে প্রায় ৭ লাখ ৮৪ হাজার ৯৪১ টাকার বিল উত্তোলনের পায়তারা করছে, যা নির্ধারিত ব্যয়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এ ঘটনায় অতিরিক্ত অর্থ আত্মসাতের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ রয়েছে, এ অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং সন্ত্রাসী কায়দায় চাপ সৃষ্টি করা হয়েছে। বিষয়টি সোসাইটির অভ্যন্তরে চরম উদ্বেগের সৃষ্টি করেছে।
এ পরিস্থিতিতে সোসাইটির সভাপতি এএইচএম মাহবুবুল হাসান ভূইয়া পিংকু স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশে অভিযুক্ত সহ-সভাপতিকে ৩ কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নোটিশে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে মোঃ আসিফুর রহমান ভূইয়ার বক্তব্য জানতে একাধিকবার ফোন এমনকি বক্তব্য জানতে চেয়ে ম্যাসেজ পাঠানো হলেও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।