প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ২৭৩)

X
নিহত মুক্তা আক্তার
উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে ছিনতাইকারীর হেঁচকা টানে অটোরিকশা থেকে পড়ে মুক্তা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় মেট্রো স্টেশনের নিচে দিয়ে অটোরিকশা করে মার্কেট থেকে বাসায় ফেরার সময় মুক্তা আক্তারের হাতে থাকা ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিতে টান দেয় ছিনতাইকারী। ওই সময় অটোরিকশা থেকে পরে গিয়ে গুরুতর আহত হন তিনি।
পরে স্থানীয়রা মুক্তা আক্তারকে উদ্ধার করে প্রথমে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যায়। সেখান থেকে তাকে আহসানুল্লাহ মেডিকেল হাসপাতালে এবং পরে ঢাকা পঙ্গু হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
মুক্তা আক্তারের শারীরিক অবস্থা খারাপ হলে স্বামী লিমন হোসেন উন্নত চিকিৎসার জন্য দুপুর দেড়টার দিকে ঢামেকে জরুরি বিভাগে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মুক্তা আক্তারকে মৃত ঘোষণা করেন।
নিহত মুক্তা রাজশাহীর গোদাগাড়ীর ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। ঢাকায় তারা দক্ষিণখান হায়দাবাদে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।