প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ৬৪)

X
প্রতীকী ছবি
পটুয়াখালীর বাউফলে লঞ্চের ধাক্কায় ডুবে গেছে তরমুজবোঝাই একটি ট্রলার। এতে দুই শ্রমিক মারা গেছেন।
বুধবার (২৫ মার্চ) ভোর রাতে উপজেলার লোহালিয়া নদীর বামনীকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শ্রমিক হলেন- জেলার রাঙ্গাবালী উপজেলার চরলাট সাহেব এলাকার ওয়াজেদ হাওলাদারের ছেলে রেজাউল করিম (২৮) ও একই উপজেলার চর বেষ্টিন এলাকার আব্দুল ফকিরের ছেলে নাছির ফকির (৪২)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরমুজ চাষী রাঙাবালী থেকে তরমুজ বোঝাই একটি ট্রলার নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। একই সময় ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ভোর প্রায় ৪টার দিকে বামনীকাঠী এলাকায় পৌঁছালে ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি মুহূর্তেই ডুবে যায়।
ঘটনার সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে থাকা রেজাউল ও নাছির বের হতে না পারার কারণে তাদের মৃত্যু হয়। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে ওঠে।
স্থানীয়রা জানান, নদীতে ঘন কুয়াশার কারণে ট্রলারটি লঞ্চের সুকানি না দেখার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।
কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।