প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:০৩ পিএম (ভিজিট : ১০৮)

X
হত্যা মামলার আসামী ফরহাদ ও রব পহলান
বরগুনা জেলার তালতলী উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর হাতে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই অভিযুক্ত পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-৮।
আটককৃতরা হলো বরগুনা জেলার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামের মোঃ ফরহাদ পহলান (৩০) ও তার পিতা আঃ রব পহলান (৬০)। র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প সদস্যরা মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। বুধবার (২৫ মার্চ) র্যাব-এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরগুনার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামের মোঃ ফরহাদ পহলান (৩০) বিয়ের পর থেকেই তার স্ত্রী আছিয়াকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন। মেয়ের সুখের কথা চিন্তা করে স্বর্ণালংকারসহ দ্ইু লাখ টাকা এবং ৩টি গরু ক্রয় করে দেন আছিয়ার বাবা।
পরবর্তীতে বিদেশে যাওয়ার জন্যও তিন লাখ টাকা প্রদান করেন মেয়ের জামাইকে। কিন্তু বিদেশে কাজকর্ম না করে দেশে ফেরত এসে স্ত্রীর কাছে পুনরায় দুই লাখ টাকা দাবী করে সে। তা দিতে অস্বীকৃতি জানালে আছিয়াকে শারিরীক ও মানসিক নির্যাতন করে ফরহাদ। গত ৬ মার্চ রাত ১২ দিকে ফরহাদ তার শশুরের মোবাইল নম্বরে ফোন দিয়ে জানান আছিয়া গলায় ওরনা পেচিয়ে আত্মহত্যা করেছে।
পরবর্তীতে মৃতের বাবা জামাই বাড়ীতে এসে দেখতে পান আছিয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় মৃতের পিতা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যাকান্ডের পর থেকেই র্যাব-৮ ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
এর সূত্র ধরে গত ২৪ মার্চ চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকা থেকে মামলার দুই প্রধান আসামী মোঃ ফরহাদ পহলান ও তার পিতা আঃ রব পহলানকে (৬০) র্যাব-৭ এর সহায়তায় গ্রেফতার করে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা। গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
।