রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনার ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ৮টা থেকে যৌথভাবে উদ্ধার কার্যক্রম শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা গণমাধ্যমকে জানান, তৃতীয় দিনের মতো সকাল ৮টা থেকে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। এতে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল অংশ নিয়েছে।
তিনি বলেন, স্পিডবোট ব্যবহার করে আশপাশের বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে, যাতে কোনো মরদেহ ভেসে গেছে কিনা তা শনাক্ত করা যায়। দুর্ঘটনার পর ২৪ ঘণ্টার বেশি সময় পার হওয়ায় মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, এখন পর্যন্ত এ ঘটনায় ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।