প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৩:৫২ পিএম (ভিজিট : ১৯)

X
সংগৃহীত ছবি
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র একদিকে যুদ্ধ বন্ধে আলোচনার আড়ালে গোপনে স্থল হামলার পরিকল্পনা করছে।
রোববার (২৯ মার্চ) রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, “শত্রু প্রকাশ্যে সংলাপের বার্তা দিচ্ছে, কিন্তু গোপনে অন্য উদ্দেশ্য বাস্তবায়ন করছে।”
তিনি আরও উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক তৎপরতার আড়ালে ভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে।
অন্যদিকে মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ইরানে স্থল অভিযানকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। তবে ডোনাল্ড ট্রাম্প এখনও স্থলবাহিনী মোতায়েনের অনুমোদন দেননি।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থল অভিযান নিয়ে এখন যে পরিকল্পনা রয়েছে, তাতে পুরো মাত্রায় হামলা চালানো হবে না। বরং স্পেশাল অপারেশন্স ফোর্সেস ও প্রচলিত পদাতিক বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হবে।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের চার হাজারের বেশি মেরিন সেনা বর্তমানে উপসাগরের দিকে অগ্রসরমান জাহাজগুলোতে অবস্থান করছে। এছাড়া ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্যারাট্রুপাররা প্রস্তুত অবস্থায় রয়েছে এবং আরও অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়েও আলোচনা চলছে।