প্রকাশ: রোববার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৫৯ পিএম (ভিজিট : ২৮)

X
ললীছড়া খাল উদ্ধারের দাবিতে এলাকাবাসী
শহরতলীর খাদিমপাড়া ইউনিয়নের খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত ললীছড়া উদ্ধারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ওই ছড়ায় সরকারি জমি দখল করে ঘর বানানোর কারনে আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আতঙ্ক বিরাজ করছে। এনিয়ে ক্ষুদ্ধ এলাকার লোকজনও। গণসাক্ষর দেওয়া আবেদনে এলাকাবাসী উল্লেখ করেন ললী খাল প্রাচীন একটি সরকারী ছড়া।
এলাকার বাসিন্দাদের পরিত্যক্ত পানি প্রবাহের একমাত্র ভরসা এই খাল। গত কয়েক মাস ধরে খিদিরপুর ললীছড়ার উপর বেশ কিছু লোক অবৈধভাবে জমি দখল করে ছড়ার গতিপথ পরিবর্তন করে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরী করেছে। এ কারনে উৎকট দূর্গন্ধে এলাকার লোকজনের নাভিশ্বাস উঠেছে।
আবেদনে উল্লেখ করা হয় অবৈধভাবে সরকারী ছড়ার উপর স্থাপনা নির্মাণের ফলে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি ঘরের পানি নিষ্কাশনে মারাত্মক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এতে ছড়ার পানির চলাচলে ব্যাপকভাবে বাধাগ্রস্থ হচ্ছে এবং পানির চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। সরকারী ছড়ার পানির গতিপথ পরিবর্তন করার কারনে বিপরীত দিকে পানি প্রবাহিত হয়ে এলাকার বাসিন্দাদের বাসাবাড়িতে প্রবেশ করছে। আবেদনে উল্লেখ করা হয়, সরকারী ছড়ার উপর নির্মাণকারীদের কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকাস্বত্বেও তারা সরকারী ছড়ার উপর স্থাপনা নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছেন।
এ কারনে ছড়ার পানিতে ময়লা আর্বজনা জমে দুর্গন্ধ হওয়ায় খিদিরপুর, দলইপাড়া, দত্তগ্রাম ও রুস্তমপুর এলাকাসহ আশপাশের এলাকার জীবজন্তু এবং বাসিন্দারা মারাত্মকভাবে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দুর্গন্ধের কারণে এলাকার মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এবং কৃষি কাজে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে।