গোপালগঞ্জের মুকসুদপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদে নতুন নেতৃত্ব গঠিত হয়েছে। শিক্ষকদের সর্বসম্মত সিদ্ধান্তে সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাহবুব হাসান বাবরকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
শিক্ষক মহলের মতে, নবনির্বাচিত সাধারণ সম্পাদক তাঁর অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও আন্তরিকতার মাধ্যমে শিক্ষক পরিষদের কার্যক্রমে নতুন গতি আনবেন। তারা আশা করছেন, তাঁর নেতৃত্বে শিক্ষকদের ন্যায্য অধিকার রক্ষা, শিক্ষার মানোন্নয়ন, একাডেমিক পরিবেশের উন্নয়ন এবং সহকর্মীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও সুসংহত হবে।
নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় মাহবুব হাসান বাবর বলেন, “সহকর্মীদের আস্থা ও ভালোবাসা আমার জন্য বড় অনুপ্রেরণা। সবার সহযোগিতা নিয়ে শিক্ষক পরিষদকে আরও শক্তিশালী ও কার্যকর করতে কাজ করতে চাই।” তিনি শিক্ষক সমাজের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া এবং সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সাধারণ সম্পাদককে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
শিক্ষক পরিষদের অন্যান্য পদেও দায়িত্ব বণ্টন করা হয়েছে। সহ-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণিত বিভাগের প্রভাষক সুশান্ত কুমার মন্ডল এবং কোষাধ্যক্ষ (ট্রেজারার) হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের প্রভাষক কুতুবউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, শিক্ষক পরিষদের সভাপতি হিসেবে পদাধিকারবলে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. লুৎফর রহমান দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, নবগঠিত এই কমিটি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষক-শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবে।