
নওগাঁর পোরশা উপজেলায় প্রশাসনের সমন্বয়, আইনশৃঙ্খলা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে এসব সভা অনুষ্ঠিত হয়।
সভাগুলোতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। সভায় এনজিও কার্যক্রম, উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার প্রতিরোধ, চোরাচালান প্রতিরোধ সমন্বয়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, মাসিক সাধারণ সভা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধসহ জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উপজেলায় পেট্রোল ও ডিজেল ব্যবহারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসা ব্যবস্থাপনা ও রোগ যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে বিশেষ সতর্কতা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
সভায় জানানো হয়, জনস্বাস্থ্য ও প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনুর রশিদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জয়নুল আবেদীনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।