প্রকাশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১২:১৬ পিএম আপডেট: ০১.০৪.২০২৬ ১২:২৭ পিএম (ভিজিট : ১৬৮)

X
পাদোভা, ইতালিতে অনাড়ম্বর আয়োজনে অনুষ্ঠিত হলো The Saturday Night Massacres বইটির প্রকাশনা অনুষ্ঠান। বইটির লেখক এত্তোরে বের্তাতো, যিনি ভেনেতো অঞ্চলের মেস্ট্রিনো বিভাগের কারাবিনিয়েরি ন্যাশনাল অ্যাসোসিয়েশনের সভাপতি।
গত মার্চ ২০২৬-এ আয়োজিত এ অনুষ্ঠানে জানানো হয়, বইটি মূলত পাদুয়া মোবাইল রেডিও ইউনিটের একজন কারাবিনিয়েরি কমান্ডারের বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে রচিত। এটি কোনো কাল্পনিক গল্প নয়; বরং লেখকের কর্মজীবনের সত্য ঘটনা ও আইন প্রয়োগকারী কর্মকর্তাদের স্মরণীয় অভিজ্ঞতার সংকলন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লুসিয়ানো সালভো, ভেনেতো অঞ্চলের ভিলাফ্রাঙ্কা পাদোভানা পৌরসভার মেয়র; মোইরা সোরগাতো, একই পৌরসভার কাউন্সিলর; এবং মাত্তিয়া মন্তেমেজ্জো, বাস্তিয়া দি রোভোলোন পৌরসভার উপ-মেয়র।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মেসবাহউদ্দিন আলাল, যিনি ইতালির পাদোভা প্রদেশের ক্যাডোনেঘে বিভাগের ন্যাশনাল কারাবিনিয়েরি অ্যাসোসিয়েশনের সদস্য এবং ইন্টারন্যাশনাল পুলিশ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। আরও উপস্থিত ছিলেন সাবেক কারাবিনিয়েরি কমান্ডার, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সাহিত্যকর্মের লেখকরা।
উষ্ণ ও প্রাণবন্ত পরিবেশে বইটির মোড়ক উন্মোচনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচকরা বইটির বিষয়বস্তু, ভাষাশৈলী এবং সামাজিক গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। তাদের মতে, বইটি বর্তমান সমাজ ও সময়কে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করবে এবং তরুণ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করবে।
লেখক এত্তোরে বের্তাতো বলেন, পাঠকদের ভালোবাসা ও সমর্থনই তার লেখার প্রধান প্রেরণা। তিনি আশা প্রকাশ করেন, বইটি পাঠকমহলে ইতিবাচক সাড়া ফেলবে।
সংশ্লিষ্টদের মতে, সাহিত্যচর্চা ও মননশীলতার বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং নতুন বইটি পাঠকদের মধ্যে আগ্রহ তৈরি করবে।