প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ৫:২৮ পিএম (ভিজিট : ২৩৮৪)

X
সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে ক্লাস
জ্বালানি সাশ্রয় ও সরকারি ব্যয় কমানোর লক্ষ্যে পাকিস্তানের ইসলামাবাদে বেসরকারি স্কুলগুলোতে চার দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) এ সিদ্ধান্তের কথা জানায় ফেডারেল শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত প্রাইভেট এডুকেশনাল ইনস্টিটিউশনস রেগুলেটরি অথরিটি (পিইআইআরএ)।
এক প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরির আওতাধীন সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (পিইআই) এখন থেকে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সশরীরে ক্লাস পরিচালিত হবে। এই নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
পাঞ্জাব প্রদেশে সরকারি ও বেসরকারি উভয় শিক্ষাপ্রতিষ্ঠানই সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কার্যক্রম চালাবে। মার্চ ১০ থেকে ৩১ মার্চ পর্যন্ত ২২ দিনের ছুটির পর ১ এপ্রিল থেকে পাঞ্জাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পুনরায় খুলেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
বন্ধের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন ক্লাস চালু ছিল এবং নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পাঞ্জাব শিক্ষা বিভাগের নতুন সময়সূচি অনুযায়ী, সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত স্কুল চলবে সকাল ৮টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত।
ডাবল-শিফট স্কুলে প্রথম শিফট সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং দ্বিতীয় শিফট দুপুর ১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত হবে।