প্রকাশ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম (ভিজিট : ৭৫)

X
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৬ টায় উপজেলার ধলাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে অবস্থিত রত্নাআটা দারুল উলূম হিফজুল কোরআন মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত দুই শিশু হচ্ছেন, উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরাবাড়ি এলাকার আশরাফুল ইসলামের মেয়ে মোছাঃ তামান্না (১৩) ও মধুপুর উপজেলার শালিকা গ্রামের মনছুর আলীর মেয়ে মোছাঃ নিছা (১২)। তারা দুজনেই মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলো।
পুলিশ ও এলাকাবাসী জানায় বৃহস্পতিবার বিকালে রত্না আটা মাদ্রাসা সংলগ্ন একটি ডোবার পাশে মাদ্রাসার সুপার এনায়েত উল্লাহ কয়েকজন শিক্ষার্থী নিয়ে তার ক্রয়কৃত নতুন জমিতে কাজ করতে যান। এ সময় কাজ শেষে সন্ধা ৬ টায় বাচ্চারা পাশের ডোবায় হাত-পা ধুতে গেলে ০৪ জন ছাত্রী পানিতে পরে নিখোঁজ হন । পরে স্থানীয়রা দুই জনকে মৃত অবস্থায় উদ্ধার করে ও অপর দুই জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে ধলাপাড়া ফাঁড়ি থেকে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত তামান্না ও নিছার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, দুই মাদ্রাসার শিক্ষার্থী ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে । লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।