
X
গায়ে হলুদ নিয়ে ফেসবুকে আলোচনার ঝড়
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) চট্টগ্রামের বোট ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশে চট্টগ্রাম-ভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান এশিয়ান গ্রুপের কর্ণধার ছেলের গায়ে হলুদ অনুষ্ঠান।
এ অনুষ্ঠান নিয়ে বিভিন্ন মহলে দেখা দিয়েছে নানা প্রশ্ন আর সমালোচনার ঝড়। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন টক অব দ্য টাউন থেকে টক অব দ্য কান্ট্রিতে রূপ নিচ্ছে।
গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমন একজন ব্যক্তি তার ফেসবুকে ছবিসহ পোষ্ট দিয়ে উল্লেখ করেছেন- ‘‘এশিয়ান গ্রুপের কর্ণধার এম এ ছালাম এর ছেলে ....সাথে ও বিশিষ্ট ব্যবসায়ী ....ভাইয়ের মেয়ের গায়ে হলুদে অসাধারণ ও ব্যাপক জাকঁজমক আয়োজনে পরিবারসহ ভোগ আর উপভোগ দুটোই হয়েছে। শহরের সব শ্রেনীর মানুষের মিলন মেলা ছিলো সঙ্গে খাবারের বৈচিত্র্যতা আর ইচ্ছে মতো খাবারের প্রশংসা করতেই হবে। খাবার নাস্তা পানীয় মোট কথা -নাই বলতে কোন কথাই ছিলো না। শুভ কামনা নব দম্পতির প্রতি।’’
এই পোষ্টের মাধ্যমে সহজেই ধারণা করা যায়- অনুষ্ঠানটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। বিভিন্ন মহলের অভিমত একজন ব্যবসায়ীর ছেলে বা মেয়ের গায়ে হলুদ ও বিয়ের অনুষ্ঠান জাঁকজমক হতেই পারে। এটা নিয়ে বিতর্ক করার তেমন কারণ নেই।
গায়ে হলুদ অনুষ্ঠানে গান বাজনাও আমাদের দেশে এখন নতুন কিছু নয়। অন্যান্য আয়োজনের পাশাপাশি গান বাজনা নিয়ে কেন এতো মাতামাতি তা বিভিন্ন জনের পোষ্ট থেকে সহজেই অনুমেয়।
একজন তার ফেসবুক পোষ্টে লিখেছেন- ‘‘মিকা সিংয়ের আড়াই কোটির গান আর অভাবের কাছে মানবতার হার।
বৃহস্পতিবার চট্টগ্রামের বোট ক্লাবে এশিয়ান গ্রুপের ছালামের ছেলের গায়েহলুদে যখন ঝলমলে আয়োজনে উড়ছিল কোটি কোটি টাকা, আড়াই কোটির বিনিময়ে গান শোনাচ্ছিলেন বলিউডের মিকা সিং, ঠিক সেই সময় কুষ্টিয়ার আল আমিনের হামে ভোগা ৮ মাসের শিশুটি শুধু টাকার অভাবে ঢাকায় যেতে না পেরে নিভে গেল চিরতরে।
ডিজেল সংকটে কৃষকের বোরো খেত যখন পানির অভাবে ফেটে চৌচির, সন্ধ্যা নামলেই যখন অন্ধকারে ডুবে যাচ্ছে জনজীবন, তখন এই টাকার দাপট যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের নির্মম বাস্তবতা। এক পাশে বিলাসিতার উল্লাস, অন্য পাশে নারায়ণগঞ্জে অভাবের তাড়নায় নবজাতককে প্লাস্টিকে ভরে নদীতে ফেলে দেওয়ার চেষ্টা। একই দেশের দুই বিপরীত চিত্র। আমরা আসলে কোন বাস্তবতায় বাঁচছি?’’
তার এই পোষ্ট শেয়ার করে আরেকজনে লিখেছেন- ‘‘আহারে পয়সাওয়ালা। কোথায় সামাজিক দায়বদ্ধতা!!! এ যেন রোম পোড়ে নিরু বাঁশি বাজায়’’।
বাংলাদেশে চট্টগ্রাম-ভিত্তিক অন্যতম শীর্ষস্থানীয় পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান হলো এশিয়ান গ্রুপ। এটি একটি সুপরিচিত শিল্প গ্রুপ। যাদের রয়েছে গার্মেন্টস, টেক্সটাইল, প্যাকেজিং, হোটেল এবং ইলেকট্রনিক্সসহ বিভিন্ন খাত।