প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৪৭ এএম আপডেট: ০৫.০৪.২০২৬ ১২:০২ পিএম (ভিজিট : ৫৪)

X
তেজগাঁও সড়কে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রাজধানীর তেজগাঁও লিংক রোড অবরোধ করে বেতন দাবিতে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এতে সকাল থেকে ওই এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের গুলশান জোন সূত্রে জানা যায়, রোববার (৫ এপ্রিল) সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে একটি পোশাক কারখানার প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
এতে তেজগাঁও থেকে মহাখালী হয়ে উত্তরা এবং উত্তরা থেকে মহাখালী হয়ে তেজগাঁওমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেয়। এ সময় উত্তরা-মহাখালী রুটে চলাচলের জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের আহ্বান জানানো হয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার হয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওগামী যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া কাকলী মোড় থেকে কামাল আতাতুর্ক সড়ক হয়ে গুলশান-২, নতুন বাজার, গুলশান-১ হয়ে রামপুরা ও হাতিরঝিলগামী বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেয় ট্রাফিক বিভাগ। বিপরীত দিক থেকেও একইভাবে যান চলাচল অব্যাহত রাখা হয়।
প্রায় এক ঘণ্টা অবরোধ চলার পর বেলা ১১টার দিকে শ্রমিকরা সড়ক ছেড়ে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।