প্রকাশ: রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ২:৫০ পিএম (ভিজিট : ৩০)

X
গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, যা অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে। রোববার (৫ এপ্রিল) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, যাত্রী ওঠানামার জন্য বাসস্ট্যান্ডে থেমে থাকা ঈগল পরিবহণের (১৪-৬৬৬২) একটি বাসকে পেছন দিক থেকে ধাক্কা দেয় পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা আস্থা পরিবহণের (১১-৬৪৪৭) একটি যাত্রীবাহী বাস। হঠাৎ এ সংঘর্ষে এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আস্থা পরিবহণের বাসটি দ্রুতগতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় সামনে দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে আঘাত করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের অসতর্কতা ও বেপরোয়া গতিই দুর্ঘটনার মূল কারণ।
দুর্ঘটনায় দুই বাসের সামনের ও পেছনের অংশে ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। কয়েকজন যাত্রী হালকা আঘাত পেলেও তারা শঙ্কামুক্ত রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে অংশ নেন এবং আহতদের সহায়তা করেন। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
এ ঘটনায় আবারও সড়ক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের মতে, চালকদের দায়িত্বশীলতা ও ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা বৃদ্ধি না পেলে এ ধরনের দুর্ঘটনা এড়ানো কঠিন হবে।