প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৩ পিএম (ভিজিট : ১৭২)

X
ভুয়া পুলিশ মোস্তাফিজার রহমান
প্রেমিকার কাছে পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট (এএসপি) পরিচয় দিয়ে সম্পর্ক গড়ে তোলা এক যুবক ভুয়া পরিচয়পত্র বানাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। আটককৃত ব্যক্তির নাম–মোস্তাফিজার রহমান।
জানা যায়, মোস্তাফিজার নামে ওই যুবক মঙ্গলবার দুপুরে রংপুর নগরীর প্রেসক্লাব এলাকার একটি প্রিন্টিং দোকানে গিয়ে নিজেকে এএসপি পরিচয় দেন এবং একটি পুলিশ পরিচয়পত্র তৈরির অর্ডার দেন। পরে কার্ডটি হাতে পাওয়ার পর তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাফিজার জানান, তিনি এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে নিজেকে এএসপি হিসেবে পরিচয় দিয়েছিলেন। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি কিছু ছবি দিয়ে নিজের পরিচয় নিশ্চিত করার চেষ্টা করেন। তবে সম্প্রতি ওই তরুণী তার পরিচয়পত্র দেখতে চাইলে তিনি বিপাকে পড়েন এবং ভুয়া আইডি কার্ড তৈরি করতে রংপুরে আসেন।
পুলিশ জানায়, তিনি দিনাজপুর থেকে রংপুরে এসে একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি।
এদিকে, প্রিন্টিং দোকানের মালিক বিষয়টি সন্দেহজনক মনে হলে গোপনে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি ভুয়া পুলিশ আইডি কার্ড উদ্ধার করে এবং তাকে আটক করে।
কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মশিউর রহমান জানান, আটক যুবকের পরিবার জানিয়েছে, তিনি গত ছয় মাস ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের দাবি, তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। আটক মোস্তাফিজারের বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের দুমাইল গ্রামে।