প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১০:২৭ এএম (ভিজিট : ৫০)

X
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দিয়েছেন। নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে বুধবার (৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান।
নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশলে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, ইরানের বিরুদ্ধে বোমাবর্ষণ ও সামরিক হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হবে, যা একটি দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি হিসেবে বিবেচিত হবে।
তিনি জানান, এই সিদ্ধান্ত শর্তসাপেক্ষ। ইসলামী প্রজাতন্ত্র ইরানকে হরমুজ প্রণালি তাৎক্ষণিকভাবে সম্পূর্ণ ও নিরাপদভাবে খুলে দিতে হবে। এই শর্ত পূরণ হলেই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।
ট্রাম্প আরও বলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনিরের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তিচুক্তির দিকে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, ইরানের পক্ষ থেকে একটি ১০ দফা প্রস্তাব পাওয়া গেছে, যা আলোচনার জন্য কার্যকর ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অতীতের বেশিরভাগ বিরোধপূর্ণ বিষয়েও দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এই দুই সপ্তাহের সময়কে সম্ভাব্য চূড়ান্ত চুক্তির প্রস্তুতির সুযোগ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।