স্থানীয়রা জানান, বিগত প্রায় ১৫ বছর ধরে সেতুটির দুই পাশের রেলিংয়ের পিলার ভেঙে গেছে এবং ভেতরের রড বেরিয়ে পড়ে আছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়েছে। মূল সড়কের তুলনায় সেতুটি প্রায় ১০ ফুট সরু হওয়ায় যান চলাচলেও মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, আটঘরিয়া পৌরসভা, দেবোত্তর ইউনিয়ন, একদন্ত ইউনিয়ন এবং পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের হাজারো মানুষ প্রতিদিন এই সেতু ব্যবহার করেন। পাশাপাশি ভ্যান, সিএনজি, অটোরিকশা, বাইসাইকেলসহ বিভিন্ন যানবাহন এবং গরু-মহিষের গাড়িও চলাচল করে এই পথ দিয়ে।
স্থানীয়রা আরও জানান, দেবোত্তর, একদন্ত ও লক্ষ্মীপুর ইউনিয়নের শত শত মানুষ নিয়মিত বিভিন্ন প্রয়োজনে আটঘরিয়া উপজেলা সদর দেবোত্তরে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সেতুটি সংস্কার বা পুনর্নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ না নেওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন।
ভুক্তভোগীরা বলেন, ভাঙা রেলিংয়ের কারণে সেতুর দুই পাশে থাকা গভীর ডোবায় পড়ে প্রাণহানির শঙ্কাও রয়েছে। তারা অভিযোগ করেন, এই সড়ক দিয়ে জনপ্রতিনিধি ও সরকারি-বেসরকারি কর্মকর্তারা নিয়মিত চলাচল করলেও বিষয়টি কারও নজরে আসছে না।
এলাকাবাসী দ্রুত সেতুটি পুনর্নির্মাণ বা জরুরি ভিত্তিতে সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।