কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।
এই আসনটি শূন্য হওয়ার পর উপনির্বাচনের আয়োজন করা হয়। এর আগে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান নির্বাচিত হওয়ার পর আসনটি ছেড়ে দেন।
নির্বাচনে মোট ১৫০টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। তবে সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটার উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
এ উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির রেজাউল করিম বাদশা (ধানের শীষ), জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল (দাঁড়িপাল্লা) এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল আমিন তালুকদার (ফুলকপি)।
ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ২ হাজার ৬৫৫ জন কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। এছাড়া মাঠে রয়েছেন ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ১৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে ১ হাজার ৩৮২ জন পুলিশ সদস্য, প্রায় ২ হাজার আনসার সদস্য, ৮ প্লাটুন বিজিবি ও ১০ প্লাটুন র্যাব। পাশাপাশি সেনাবাহিনী ও ডগ স্কোয়াডও দায়িত্ব পালন করছে।
মোট ১৫১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১০ জন।
বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ১৫০টি কেন্দ্র ও ৮৩৫টি বুথ রয়েছে। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী এবং ৪৮টি অস্থায়ী বুথ।
উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম জানান, নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে, ভোটের দিন এবং পরবর্তী সময়েও বিজিবির টহল জোরদার থাকবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।