প্রকাশ: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১২:৫০ পিএম (ভিজিট : ৭২)

X
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া তালতলা বেড়িবাঁধ এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. শামীম (৪০), তিনি সীতাকুণ্ড পৌরসভার শিবপুর এলাকার বাসিন্দা এবং পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে।
সীতাকুণ্ড থানার ওসি মহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে বেড়িবাঁধ এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে গুরুতর কোপানোর চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিনা তা এখনো নিশ্চিত নয়। পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।