প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম (ভিজিট : ৩৫)

X
পাবনায় শ্যালো ইঞ্জিনচালিত গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত রনি (১৩) চাটমোহর উপজেলার ফৈলজানা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। সে আটঘরিয়া উপজেলার সাপডাঙ্গা গ্রামের রুবেল হোসেনের ছেলে।
জানা গেছে, রনি চাটমোহর উপজেলার কুয়াবাশী গ্রামে নিঃসন্তান মামা সদর আলীর কাছে থেকে পড়াশোনা করত।
স্থানীয়রা জানান, রোববার সকালে রনি বাড়ি থেকে সাইকেল নিয়ে কুয়াবাশী বাজারের উদ্দেশ্যে বের হয়। পথে একটি শ্যালো ইঞ্জিনচালিত নসিমনের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে থানার উপপরিদর্শক (এসআই) শোয়েব খান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।