প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ৪:৪৫ পিএম (ভিজিট : ১০৫)

X
নিহত ঝর্ণা আক্তার
গাজীপুরের শ্রীপুরে একটি তালাবদ্ধ ঘর থেকে ঝর্ণা আক্তার (১৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী অপু পলাতক রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বেড়াইদেরচালা এলাকার একটি ভাড়া বাসার দোতলার কক্ষ থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ঝর্ণা আক্তারের স্বামী অপু তিন দিন আগে স্ত্রীকে হত্যার পর ঘরে লাশ রেখে পালিয়ে যায়। পরে প্রতিবেশী তানিয়া নামে এক নারীকে ফোন করে সে জানায়, ঝর্ণাকে মেরে ফেলেছি, তার বাবাকে খবর দাও। বিষয়টি বাড়ির মালিক মাসুদ রানাকে জানানো হলে ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ দেখে তার সন্দেহ হয়।পরবর্তীতে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঝর্ণার মরদেহ উদ্ধার করে।দরজা খোলার পর দেখা যায়, ঘরের ভেতরে মাদক সেবনের বিভিন্ন আলামত রয়েছে।
নিহত ঝর্ণা আক্তার পৌরসভার বেড়াইদেরচালা এলাকার হামিদুল ইসলামের মেয়ে। প্রায় দুই বছর আগে পরিবারের অমতে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা হযরত আলীর পালিত সন্তান অপুকে বিয়ে করেন তিনি। অপু পেশায় পরিবহন চালক। দুই মাস আগে তারা ওই বাসায় ভাড়া নিয়ে বসবাস শুরু করেন।
পরিবার সূত্রে জানা যায় তারা স্বামী স্ত্রী দুজনই মাদকাসক্ত ছিলেন। তাই পরিবার তাদের সাথে কোন যোগাযোগ রাখেনি।
নিহতের বাবা হামিদুল ইসলাম জানান, বিয়ের পর থেকে মেয়ের সঙ্গে তাদের যোগাযোগ ছিল না। শনিবার রাতে স্থানীয়দের মাধ্যমে মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি ঘটনাস্থলে ছুটে যান।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে ঝর্ণাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।