প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১০:২৮ এএম আপডেট: ১৩.০৪.২০২৬ ১০:৩৮ এএম (ভিজিট : ৩৬৯)

X
কক্সবাজার সদরের চৌফলদন্ডীর ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়া এলাকায় সন্ত্রাসী হামলা, গুলিবর্ষণ ও লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে আলোচিত ‘জিয়া বাহিনী’র সদস্যদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে আনোয়ারা বেগম (৬০)-এর বাড়িতে সংঘবদ্ধভাবে অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। বাধা পেলে হামলাকারীরা গুলিবর্ষণ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাণ্ডব চালায়।
ঘটনার পর প্রশাসন তৎপরতা বাড়ায় এবং রোববার (১২ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযানে জাফর আলম ও আমির সোলতানকে গ্রেপ্তার করে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
ওই হামলায় এক বৃদ্ধসহ তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভুক্তভোগী পরিবারের সদস্য জাকির আহমেদ বাদী হয়ে ৩১ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। তিনি অভিযোগ করেন, ‘জিয়া বাহিনী’র সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাস, জমি দখল, অপহরণ ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তার দাবি, হামলার সময় তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে গুলি চালিয়ে আহত করা হয়েছে।
ভুক্তভোগী আনোয়ারা বেগম বলেন, সন্ত্রাসীরা তার বাড়িতে ঢুকে গুলিবর্ষণ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
আরেক ভুক্তভোগী মুরশিদা আক্তার জানান, একাধিক মামলার আসামি জিয়াউল হাসান জিয়ার নেতৃত্বে এই বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। তিনি অভিযোগ করেন, এখনো মূল অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
তিনি আরও দাবি করেন, অতীতে রাজনৈতিক প্রভাবের কারণে অভিযুক্তদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেননি এবং এখনো তাদের প্রভাব বিদ্যমান রয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিন বলেন, গুলিবর্ষণের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সব অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।