প্রকাশ: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬, ১১:৩১ এএম (ভিজিট : ১৫৬)

X
টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে মাদকের টাকা না পেয়ে এক নারীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
নিহত নারীর নাম নাজমা হরিজন। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বুলু হরিজন ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার সকালে টাঙ্গাইল শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকার হরিজন পল্লীতে এ ঘটনা ঘটে। পরে রবিবার (১২ এপ্রিল) রাতে বিষয়টি জানাজানি হয়।
হরিজন পল্লীর বাসিন্দাদের বরাতে জানা যায়, সকালে নাজমা হরিজনের কাছে মাদকের টাকার জন্য অর্থ চান তার স্বামী বুলু হরিজন। নাজমা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।
এক পর্যায়ে বুলু হরিজন নাজমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
নাম প্রকাশ না করার শর্তে এক স্থানীয় বাসিন্দা বলেন, মাদকের টাকার কারণে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা এলাকায় আগেও ঘটেছে। তারা দাবি করেন, পরিবারের কিছু সদস্য বিষয়টি জানলেও প্রতিরোধে এগিয়ে আসেননি।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জী বলেন, “ঢাকার শাহবাগ থানার বেতার বার্তার মাধ্যমে আমরা মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ময়নাতদন্ত শেষে মরদেহ হস্তান্তরসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।